পেশায় চিকিৎসক, নেশায় জনসেবা: প্রচারের ফাঁকেও রোগী দেখছেন তৃণমূল প্রার্থী
মলয় দে: চলতি বিধানসভার নির্বাচনের উত্তপ্ত আবহে যখন রাজনৈতিক প্রচার তুঙ্গে, তখন এক ভিন্ন ছবি ধরা পড়ল তৃণমূল প্রার্থীর জনসংযোগে। রানাঘাট দক্ষিণ বিধানসভার পেশায় চিকিৎসক প্রার্থী ডাঃ সৌগত বর্মন ভোটের ময়দানেও তার মূল আদর্শ থেকে বিচ্যুত হননি। প্রবল দাবদাহ আর ঠাসা প্রচার কর্মসূচির মাঝেও তিনি চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা।
এলাকায় প্রচারে বেরিয়ে প্রার্থীর অভিজ্ঞতা বেশ ইতিবাচক। তিনি জানান, গ্রাম থেকে গ্রামে ঘোরার সময় সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন, তা সত্যিই অভূতপূর্ব। মানুষের এই আবেগ তাকে আরও বেশি উৎসাহিত করছে।
চিকিৎসা যে কেবল একটি পেশা নয় বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ, তা তার বক্তব্যে ফুটে উঠেছে। তিনি বলেন,আমি সকালে বাড়ি থেকে বেরোনোর আগেও রোগী দেখি, প্রচারের ফাঁকে সুযোগ পেলেই মানুষের শারীরিক সমস্যার কথা শুনি এবং বাড়ি ফিরেও রোগীদের সময় দিই। রোগী দেখা আমার নেশা এবং এটিই আমার প্রধান পরিচয়।
তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনএর উদ্যোগে প্রায় ৪০-৪২টি স্বাস্থ্য শিবিরেরপরিকল্পনা করা হয়েছে। যেখানে সাধারণ মানুষ ডায়েরিয়া, লু-লাগা বা সানস্ট্রোকের মতো সমস্যার প্রাথমিক চিকিৎসা পাবেন। বিশেষ করে গর্ভবতী মায়েরা যাতে দ্রুত পরিষেবা পান, সেই দিকেও কড়া নজর রাখা হচ্ছে।তবে প্রবল গরমের মধ্যে সুস্থ থাকতে প্রার্থী নিজের খাদ্যাভ্যাসেও বেশ বদল এনেছেন তিনি। প্রচারের ধকল সইতে তিনি খাবারে রাখছেন, টক ডাল ও প্রচুর পরিমাণে জল।মাছ ও মাংসের বদলে ডিমকে প্রাধান্য দিচ্ছেন ডাক্তার বাবু ।খাবারের তালিকায় নিয়মিত দই এবং পাঁচমিশালি সবজি রাখছেন বলেও জানান প্রার্থী।
মানুষের পাশে থেকে কেবল ভোটের প্রতিশ্রুতি নয়, বরং সরাসরি সেবামূলক কাজের মাধ্যমে তিনি জনমানসে বিশেষ ছাপ ফেলছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ।
