মলয় দে: বাংলাজুড়ে মা কালীর রূপের বৈচিত্র্য চোখ পড়ার মতো। কোথাও তিনি শ্যামবর্ণা, কোথাও নীলবসনা, আবার কোথাও বা তাঁর রূপ ‘ললিতা’ অর্থাৎ রক্তবর্ণ। এমনই এক ব্যতিক্রমী ও বিস্ময়কর রূপের দেখা মেলে নদিয়ার শান্তিপুরের ফুলিয়া-তাহেরপুর রোডের অরবিন্দ পল্লিতে। এখানকার জাগ্রত চামুণ্ডা কালীমাতার গায়ের রং কুচকুচে কালো নয়, বরং টকটকে লাল। মায়ের মাথার ওপর শোভা পাচ্ছে পঞ্চসর্প। দেবী চামুণ্ডার এমন অনন্য ও বৈচিত্র্যময় রূপ দেখতে প্রতি বছর দূর-দূরান্ত থেকে ভিড় জমান ভক্তরা।
বটতলা থেকে রাজকীয় মন্দির: প্রতিষ্ঠার ইতিহাস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পুজোর ইতিহাস খুব বেশি দিনের পুরনো নয়। প্রায় ১৫ বছর আগে সন্ন্যাসী বিজয় ক্ষ্যাপা এই পুজোর সূচনা করেছিলেন। একসময় অরবিন্দ পল্লির রাস্তার পাশে একটি বটগাছের তলায় সামান্য টিনের ঘরে তিনি বসবাস করতেন। সেখানেই দেবী মা কালীর এই বিশেষ রক্তবর্ণ ললিতা রূপ প্রতিষ্ঠা করে আরাধনা শুরু করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট পুজোই আজ বিশাল রূপ ধারণ করেছে এবং ‘মা চামুণ্ডা কালী’ নামে সর্বজনবিদিত হয়ে উঠেছে।
মায়ের লাল রঙের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা জানান, “সৃষ্টির আদি রূপের সঙ্গে লাল রঙের এক গভীর যোগ রয়েছে। যিনি সৃষ্টি করেছিলেন, তিনিও লাল বসনে আবৃত ছিলেন। তা ছাড়া লাল রং হলো ভক্তি ও আকর্ষণের প্রতীক। শুরুতে মায়ের প্রতিমা আকারে কিছুটা ছোট ছিল, পরবর্তীতে মায়ের বিগ্রহ বড় করা হয়েছে।”
কৌশিকী অমাবস্যা ও উৎসবের আমেজ
শুধু বাৎসরিক শ্রীশ্রী শ্যামাপুজো নয়, মন্দিরে প্রতি অমাবস্যাতেই মায়ের বিশেষ পুজো সম্পন্ন হয়। তবে সবচেয়ে বড় উৎসবের আয়োজন করা হয় কৌশিকী অমাবস্যা উপলক্ষে। এই তিথিতে মন্দির প্রাঙ্গণে টানা তিন দিন ধরে চলে বিশেষ পুজো, ধর্মীয় অনুষ্ঠান ও নানা সাংস্কৃতিক আয়োজন।
কৌশিকী অমাবস্যা ও কালীপুজোকে কেন্দ্র করে ফুলিয়া ও তাহেরপুরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। মায়ের মন্দিরে আসা হাজার হাজার ভক্তের জন্য থাকে খিচুড়িসহ রকমারি প্রসাদের সুব্যবস্থা। পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে বসে বিশাল মেলা।
ভক্তদের মনস্কামনা ও অলৌকিক বিশ্বাস
এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস, মা চামুণ্ডা অত্যন্ত জাগ্রত। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা মায়ের কাছে মানত করেন এবং ভক্তিভরে প্রার্থনা জানালে মা কারো খালি হাতে ফেরান না। দেবী চামুণ্ডার কৃপা ও অলৌকিক ক্ষমতার ওপর ভর করেই বিগত দেড় দশকে এই মন্দিরটি নদিয়া জেলার অন্যতম প্রধান ধর্মীয় পীঠস্থানে পরিণত হয়েছে।
