কৃষকদের জন্য ১১ সংখ্যার ‘ফারমার্স আইডি’ তৈরি ও কৃষি যন্ত্রপাতির ভর্তুকি প্রকল্প নিয়ে বিশেষ ঘোষণা
মলয় দে: দেশের কৃষকদের আধুনিক সুযোগ-সুবিধা এবং সরকারি প্রকল্পের সুফল সরাসরি পৌঁছে দিতে কৃষি দপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে আধার কার্ডের আদলেই কৃষকদের জন্য ১১ সংখ্যার একটি ইউনিক ফারমার্স আইডি’ বা কৃষক আইডি তৈরি করা হচ্ছে।
কৃষি দপ্তরের শান্তিপুরের সহ কৃষি অধিকর্তা জানান, কৃষকদের নিজস্ব আধার কার্ড, জমির পর্চা এবং আধার লিঙ্ক করা মোবাইল নম্বর—এই তিনটি তথ্য নিয়ে নিকটবর্তী ক্যাম্প অথবা ব্লক কৃষি অফিসে গিয়ে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা ছাড়াও যে সকল কৃষকের নিজস্ব নামে জমি ও পর্চা রয়েছে, তাদের প্রত্যেককেই এই ফার্মার্স আইডি তৈরি করতে হবে। পরবর্তীতে এগ্রিকালচার অ্যাপের মাধ্যমে এই ফার্মার্স আইডি ও আধার নম্বর ব্যবহার করে খুব সহজেই সার বুকিং এবং ব্যাংকের কেসিসি লোন পাওয়া সম্ভব হবে।
সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভর্তুকি পেতে এই আইডি অপরিহার্য।
আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ওপর সরকারি ভর্তুকি স্কিম চলছে। কোদাল, স্প্রে মেশিন, পাম্পসেট, পাওয়ার টিলার, রোটাভেটর থেকে শুরু করে বড় আকারের যন্ত্রপাতি যেমন ট্রাক্টর এবং ফার্ম মেশিনারি ব্যাংক স্থাপনের ক্ষেত্রেও এই ভর্তুকি মিলছে। ছোট যন্ত্রপাতিতে প্রায় ৫০% এবং বড় প্রকল্প ও যন্ত্রপাতি ভেদে ৩০% থেকে ৮০% পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে।
কৃষকদের সুবিধার জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে,
সোম ও মঙ্গলবার বাগআঁচড়া ও হরিপুর পঞ্চায়েত।বুধ ও বৃহস্পতিবার বাবলা ও নবলা পঞ্চায়েত।শুক্রবার, গোয়েশপুর ও আরবান্দি পঞ্চায়েত।
এছাড়া, কৃষকরা সরাসরি সেল্ফ রেজিস্ট্রেশনের মাধ্যমেও ঘরে বসে অনলাইনের লিংকের সাহায্যে এই কাজ সম্পন্ন করতে পারবেন। সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং স্থানীয় ডিলারদের কাছেও এই লিংক পাওয়া যাবে।
দপ্তরের পক্ষ থেকে দ্রুত কৃষকদের তাদের জমির বিবরণ আধার কার্ডের সাথে লিঙ্ক করে ফার্মার্স আইডি তৈরি করে নেওয়ার জন্য জোরালো অনুরোধ জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে সরকারি সমস্ত পরিসেবা নির্বিঘ্নে পাওয়া যায়।
