বাঙালি হয়েও অবাঙালিদের প্রিয় লিট্টি ও ছাতুর শরবতের স্বাদ মেটাচ্ছেন শান্তিপুরের অরবিন্দ

Social

বাঙালি হয়েও অবাঙালিদের প্রিয় লিট্টি ও ছাতুর শরবতের স্বাদ মেটাচ্ছেন শান্তিপুরের অরবিন্দ

মলয় দে: বাঙালি হয়েও বিগত কয়েক বছর ধরে অবাঙালিদের ঐতিহ্যবাহী খাবার ‘লিট্টি’ ও ‘ছাতুর শরবত’ নিয়মিত শান্তিপুরবাসীর পাতে তুলে দিচ্ছেন সুকান্তপল্লীর বাসিন্দা অরবিন্দ মণ্ডল। গোটা শান্তিপুর শহরে একমাত্র তিনিই এই বিশেষ খাবারের জোগান দিয়ে চলেছেন। অনেকেই তাঁকে ভিনরাজ্যের বা হিন্দিভাষী মানুষ ভাবলেও, তিনি গর্বের সঙ্গেই নিজেকে বাঙালি বলে পরিচয় দেন।
প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়িতেই শুরু হয় অরবিন্দবাবুর প্রস্তুতি। আটার লেচির ভেতরে ছাতু, আদা, রসুন, জোয়ান, গোলমরিচ ও গরম মশলার পুর ভরে লিট্টি তৈরি করে আনেন তিনি। এরপর সকাল সাতটা-সাড়ে সাতটা নাগাদ নির্দিষ্ট জায়গায় বসে উনুনের আঁচে সেঁকে গরম গরম পরিবেশন করেন। সঙ্গে থাকে সামান্য সরষের তেল দিয়ে মাখা আলু চোখা, চাটনি ও কাঁচালঙ্কা। মাত্র ১০ টাকা পিস হিসেবে দুটি লিট্টি খেলেই দু-তিন ঘণ্টা নিশ্চিন্তে পেট ভরা থাকে।
ঋতুভেদে অরবিন্দবাবুর পসরায় বদল আসে। শীতের চার-পাঁচ মাস লিট্টির চাহিদা তুঙ্গে থাকে; শীতের শুরুতে দৈনিক চল্লিশ পিস আনলেও ঠান্ডা বাড়লে বিক্রি আরও বাড়ে। অন্যদিকে, গরমের দিনে চলে তাঁর বিশেষ ‘ছাতুর শরবত’, যার দাম গ্লাসপ্রতি ১০, ২০ ও ২৫ টাকা। শুরুতে গুড়-চিনি দিলেও, বর্তমানে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে তৈরি নোনতা ছাতুর শরবত খাওয়ান তিনি। বিকেলে অবশ্য পাড়ার ভেতরেই এগ রোল, ঘুগনি ও ডিম টোস্ট বিক্রি করেন।
চোখের সামনে তৈরি এই খাবারের কদরও বেশ ভালো। বাগাআঁচড়ার বাসিন্দা তথা পেশায় অটোচালক সুদেব বক্সী জানান, কাজের ফাঁকে মাত্র ১০-২০ টাকার মধ্যে এটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর টিফিন। লুচি বা তেল-মশলাযুক্ত খাবারের বদলে সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি এই লিট্টি খেলে গ্যাস-অম্বলের সমস্যা হয় না বলেই প্রতিদিন ক্রেতারা ভিড় জমান অরবিন্দ মণ্ডলের দোকানে।

Leave a Reply