তাঁত শ্রমিকদের জীবন বীমার প্রিমিয়াম দেবে সরকার, শান্তিপুরে সচেতনতা বৃদ্ধিতে পাড়া বৈঠক বিএমএস এর

Social

তাঁত শ্রমিকদের জীবন বীমার প্রিমিয়াম দেবে সরকার, শান্তিপুরে সচেতনতা বৃদ্ধিতে পাড়া বৈঠক বিএমএস-এর

মলয় দে: অনটনের কারণে আর জীবন ও দুর্ঘটনা বীমার সুযোগ থেকে বঞ্চিত হবেন না প্রান্তিক তাঁত শ্রমিকরা। এখন থেকে জীবন বীমার ন্যূনতম প্রিমিয়ামের অর্থও শ্রমিকদের নিজের পকেট থেকে দিতে হবে না; সরকারি উদ্যোগেই সেই অর্থ বহন করা হবে। সরকারের এই জনমুখী প্রকল্পগুলির সুবিধা সাধারণ প্রান্তিক পরিবারগুলির কাছে পৌঁছে দিতে নদীয়ার শান্তিপুরে বিশেষ পাড়া বৈঠকের আয়োজন করল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)।
শান্তিপুরের আরপাড়া ও বাইগাছি পাড়া এলাকায় আয়োজিত এই বৈঠকে স্থানীয় প্রায় ৩৫ জন মহিলা ও তাঁত শ্রমিক অংশ নেন। সংগঠনের তরফে জানানো হয়, যে সমস্ত তাঁত শ্রমিকের হ্যান্ডলুমের ‘ডব্লিউ কার্ড’ (W Card) অথবা ‘পেহচান কার্ড’ রয়েছে, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে দুটি গুরুত্বপূর্ণ বীমা প্রকল্পের আওতায় আসবেন। এর মধ্যে ১৮ থেকে ৭০ বছর বয়সীদের জন্য ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা’ (বার্ষিক ২০ টাকা প্রিমিয়াম) এবং ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা’ (বার্ষিক ৪৩৬ টাকা প্রিমিয়াম) অন্তর্ভুক্ত। বছরপ্রতি মোট ৪৫৬ টাকার এই প্রিমিয়াম হ্যান্ডলুম দপ্তরের মাধ্যমে সরাসরি সরকারিভাবে মিটিয়ে দেওয়া হবে। এর ফলে দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুতে শ্রমিকের পরিবার বা নমিনি ২ লক্ষ টাকা এবং আংশিক অঙ্গহানিতে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। পরিবারের একাধিক সদস্যের কার্ড থাকলে প্রত্যেকেই আলাদাভাবে এই সুবিধা পাবেন।
বৈঠকে উপস্থিত নদীয়া জেলা বস্ত্র শিল্প কর্মচারী মহাসংঘের সভানেত্রী মঞ্জুলি সরকার জানান, লকডাউনের পর বহু মহিলা তাঁতের কাজ হারিয়ে সেলাই মেশিন ও ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। সরকারি প্রকল্প ও ‘উদ্যম রেজিস্ট্রেশন’-এর মাধ্যমে এই পিছিয়ে পড়া মায়েদের স্বনির্ভর করে তুলতেই বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই পাড়া বৈঠক চলবে।
বিগত সরকারের আমলে অসংগঠিত ও তাঁত শ্রমিকদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা এবং অনুদান নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে সংগঠনের প্রতিনিধিরা এদিন সরাসরি ব্যাংক থেকে আনা আবেদনপত্র শ্রমিকদের হাতে তুলে দেন। স্থানীয় বাইগাছি পাড়ার প্রবীণ তাঁতি তারক সরকার জানান, সমস্ত নথিপত্র সংগ্রহ করে হ্যান্ডলুম দপ্তরের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়ার বিষয়ে তাঁরা প্রান্তিক শ্রমিকদের সবরকম সহযোগিতা করছেন।

Leave a Reply