ক্রিকেটের মাধ্যমে গণিতকে জনপ্রিয় করার প্রয়াসে সফলতা অর্জন সুন্দরবনের শিক্ষকের
Social Barta: ভারতে ক্রিকেট শুধু একটা খেলার নাম নয়, এটা সমগ্র ভারতবাসীর কাছে একটা আবেগ। ভারতীয় দল মাঠে নামলে কোটি কোটি দর্শক বসে যান টেলিভিশনের সামনে। প্রত্যেক ডেলিভারিতেই বদলে যায় স্কোরবোর্ড, ঘুরে যায় ম্যাচের মোড়, তৈরি হয় নতুন নতুন রেকর্ড, পরিসংখ্যান। আর এইসব নিয়ন্ত্রিত হয় গণিতের মাধ্যমে। এইগুলিকে প্রকাশ করতে ব্যবহৃত হয় বিভিন্ন গাণিতিক পদ্ধতি।
সম্প্রতি গণিত ও ক্রিকেটের এই গভীর সম্পর্ককে সামনে নিয়ে এলেন সুন্দরবনের সন্দেশখালির সুকদোয়ানী গাববেড়িয়া দয়ালচাঁদ বিদ্যাপীঠ হাইস্কুলের গণিত শিক্ষক ভাস্কর পাল। তিনি ক্রিকেটে ব্যবহৃত গণিতের বিভিন্ন শাখা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করে চলেছেন। তিনি ভিন্ন ভিন্ন 60 টি গাণিতিক পদ্ধতিকে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত করেন এবং সেগুলিকে সহজভাবে সমাধান করেন। তাঁর এই কাজের জন্য তিনি এক্সক্লুসিভ ওয়ার্ল্ড রেকর্ডস্ সংস্থা কর্তৃক সম্মানিত হয়েছেন।
উত্তর 24 পরগণা জেলার সোদপুরের নাটাগড়, মহেন্দ্রনগরের বাসিন্দা ভাস্কর পাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শিক্ষকতার পেশায় যোগদান করেন। এর আগে তিনি 100 টি ভিন্ন লিপিতে গাণিতিক সংখ্যা লিখে কৃতিত্ব অর্জন করেছিলেন।
এক সাক্ষাৎকারে ভাস্করবাবু জানান আগামী প্রজন্মকে গণিত বিষয়ে উৎসাহিত করতে তিনি নানা কর্মসূচি নিয়ে থাকেন। ‘সুন্দরবন শ্রীধরাচার্য গণিত ক্লাব’ তৈরি করে সেখানে গণিতকে সহজ, সরল ও আকর্ষণীয় পদ্ধতিতে শেখানোর নানা কৌশল উদ্ভাবনে তিনি সক্রিয় রয়েছেন। ক্রিকেটের মতোই গণিতকে ঘরে ঘরে জনপ্রিয় করে তুলতে তাঁর এই উদ্যোগ। তাঁর মতে গণিতকে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত করলে তা ছাত্র-ছাত্রীদের শিখনে অনেক বেশি আগ্রহী করবে। ক্রিকেটের আকর্ষণে গণিত শিখলে তাদের শিখতে ও বুঝতে সহজ হবে বলে তিনি মনে করেন/
