মলয় দে: সিএনজি গ্যাসের সংকটে রানাঘাটে অটো পরিষেবা প্রায় বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। সিএনজি গ্যাসের তীব্র সংকটের জেরে রানাঘাট এলাকায় অটো পরিষেবা প্রায় বন্ধ হওয়ার মুখে। এর জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর থেকে বলাগড়গামী রুট এবং রানাঘাট থেকে গাংনাপুরসহ একাধিক রুটে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম অটো। কিন্তু গ্যাসের অভাবে সেই অটো পরিষেবা এখন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অটোচালকদের দাবি, আগে প্রতিটি রুটে যেখানে ২২ থেকে ২৪টি অটো নিয়মিত চলত, সেখানে বর্তমানে মাত্র ২ থেকে ৩টি অটো চলাচল করছে। ফলে পরিষেবা স্বাভাবিকভাবে চালানো সম্ভব হবে কি না তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চালকেরা।
অন্যদিকে অটো কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় অটো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।
এখন প্রশ্ন উঠছে, কবে এই সিএনজি গ্যাসের সংকট কাটবে এবং কবে আবার স্বাভাবিক হবে অটো পরিষেবা—সেদিকেই তাকিয়ে স্থানীয় মানুষ।
