মলয় দে: ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিটের উদ্যোগে রবিবার ( ৩১ শে আগস্ট ) সকাল দশটায় দত্তপুলিয়া বাজার এ ডেঙ্গু প্রতিরোধের জন্য একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির ( Fever Clinic) এর ব্যবস্থা করা হয় । জ্বরের উপসর্গ রয়েছে এইরকম বহু রোগী এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করান।
এছাড়াও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা এবং সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। দত্তপুলিয়া বাজার এবং পার্শ্ববর্তী পাড়ায় ডেঙ্গুর মশার লার্ভা নষ্টের কর্মসূচি ( স্প্রে ) সম্পন্ন হয় ।এলাকার পাঁচশোর বেশি দুস্থ ও অসহায় মানুষদের মশারি বিতরণ করা হয়।এছাড়া ওই সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন রানাঘাট -২ ব্লকের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন , স্বাস্থ্য প্রশাসন , পঞ্চায়েত প্রশাসন, সম্মানীয় জনপ্রতিনিধি , বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবের সম্মানীয় প্রতিনিধিবৃন্দ , দত্তপুলিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দ , এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সম্মানীয় ডাক্তার বাবু ও স্বাস্থ্য কর্মীগণ ।এই মহতী কর্মসূচিতে এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ সকলে আজ সকাল ১০ টা থেকে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন এবং ডেঙ্গু সম্পর্কে প্রয়োজনীয় ধারণা নিয়েছেন।
মনে রাখবেন ডেঙ্গু প্রতিরোধ যোগ্য , অযথা আতঙ্কিত হবেন না , অধিকাংশ ডেঙ্গু রোগী সময়মতো সাধারণ চিকিৎসায় সেরে যায় ।এই সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশাবলী মেনে চলার কথা বলা হয়েছে।
