নদীয়ার শান্তিপুরে শুরু হলো যোগাসন ক্রীড়ার রাজ্যস্তরের প্রতিযোগিতা

Social

মলয় দে: নদীয়ার শান্তিপুরে শুরু হলো যোগাসন ক্রীড়ার রাজ্যস্তরের প্রতিযোগিতা। আয়োজক গ্লোবাল অ্যাথলেটিক্স যোগাসন স্পোর্টস ফেডারেশন, যা গত পাঁচ বছর ধরে জাতীয় স্তরে কাজ করছে। বাংলায় সংস্থাটি মাত্র ছ’মাস আগে কার্যক্রম শুরু করেছে। এর আগে শান্তিপুরে জেলা স্তরের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার পর এবার রাজ্যস্তরে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর স্বপ্ন রয়েছে সংস্থার।

শনিবার থেকে শান্তিপুর রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে শুরু হয়েছে দুই দিনের এই ক্রীড়া উৎসব। প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের ১৬টি জেলা থেকে প্রায় ৫৫০ জন খেলোয়াড় শান্তিপুরে এসে জড়ো হয়েছেন। সকাল থেকেই দূরদূরান্ত থেকে খেলোয়াড়েরা আসতে শুরু করেন। প্রতিযোগীদের জন্য রাত্রীবাস ও আগামীকালের জন্য মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা করেছে আয়োজক সংস্থা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতা দুটি বিভাগে হচ্ছে—সাব-জুনিয়র এবং জুনিয়র। ছেলে ও মেয়ে উভয় বিভাগের খেলোয়াড়রাই বয়সভিত্তিক ২২টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি গ্রুপে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত পুরস্কার থাকবে। এছাড়াও নতুন নতুন ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে যোগাসন ক্রীড়াকে আরও জনপ্রিয় করা যায়।

উচ্চমানের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে বিজয়ীদের জন্য। শুধু প্রথম তিনজন নয়, বরং চতুর্থ থেকে দশম স্থানাধিকারীরাও পুরস্কৃত হবেন। স্থানীয় যোগা ক্লাবগুলির পাশাপাশি আশেপাশের জেলার একাধিক যোগা ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা পরিচালনার জন্য বিচারক মণ্ডলী উপস্থিত আছেন।

আজকের অনুষ্ঠান বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে। যদিও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সূচি কিছুটা দেরিতে শুরু হয়েছে, তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো খেলা অসম্পূর্ণ থাকলে আগামীকাল সকালে তা সম্পন্ন করা হবে। শিশু ও কিশোরদের মধ্যে যোগাসনকে জনপ্রিয় করে তোলাই সংস্থার মূল লক্ষ্য।

Leave a Reply