মলয় দে নদীয়া :-বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদীর জল! চিন্তায় সীমান্ত এলাকার বাসিন্দারা। এবছর লাগাতার বৃষ্টির জেরে জেরবার সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে কয়েক দিন ধরে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্ত জায়গায় হয়ে চলেছে আর তার জেরেই বিশেষ করে নিচু এলাকা গুলি জলমগ্ন। তবে গোদের ওপর বিষফোঁড়া ভাগীরথীর জল বাড়ায়। বিপদসিমার উপর দিয়ে জল বয়ে চলাতে অশনি সংকেত দেখছেন সীমান্ত এলাকার দুস্থ মানুষেরা।
সাধারণত জানা যায় ভাগীরথী নদীর জল স্তরের বিপদসীমা ৮.৪৪ মিটার তার ওপর দিয়ে জল বয়ে চললেই সেটি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলা যায়।। এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে ভাগীরথী নদীর জল স্তর থাকে ৮.৬৬ মিটার অর্থাৎ বিপদ সীমার অনেকটাই উপরে দিয়ে বইছে ভাগীরথী নদীর জল। আর সেই কারণেই বিশেষ করে নদী তীরবর্তী এলাকার নিচু জায়গা গুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সর্বোচ্চ বিপদ সীমা হল ৯.০৬ মিটার। তার ওপর দিয়ে জল গেলেই বন্যা অবশ্যম্ভাবী!
বিশেষ করে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি এবং তিস্তার নদীর জল ফুলেঁপে উঠাতে দক্ষিণবঙ্গেও উৎকণ্ঠা বেড়েছে বন্যার। যদিও ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কতা বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মজুদ রয়েছে একাধিক ত্রাণ শিবিরগুলিও। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও রয়েছে তৎপর যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য। তার জন্য নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে প্রতিমুহূর্তে, আজ সন্ধ্যাতেও জেলা প্রশাসন নিজে চোখে দেখে গেলেন গোটা বিষয়টি।
