সোশ্যাল বার্তা: দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বায়োজাইম প্রগতি স্কলারশিপ তুলে দিল বায়োস্ট্যাড ইন্ডিয়া। মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে এগিয়ে এলো বায়োস্ট্যাড ইন্ডিয়া লিমিটেড। সংস্থার পক্ষ থেকে দশম শ্রেণির দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের “বায়োজাইম প্রগতি স্কলারশিপ”প্রদান করা হলো।
এদিন প্রতিটি ছাত্র-ছাত্রীকে এককালীন ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ফিল্ড মার্কেটিং ম্যানেজার ড. সায়ন সামন্ত এবং টেরিটরি সেলস ম্যানেজার জনাব আমির সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা এবং এলাকার কৃষকবৃন্দ।
অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ছাত্র-ছাত্রী ও অতিথিরা মিলে বিভিন্ন ফলদ ও ছায়া প্রদানকারী গাছের চারা রোপণ করেন।

পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন লজিক্যাল গেমের আয়োজন করা হয়, যাতে ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে অংশগ্রহণ করে।
সংস্থার পক্ষ থেকে ড. সায়ন সামন্ত জানান, “শুধু ব্যবসা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনেও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে বায়োস্ট্যাড।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “বায়োস্ট্যাডের এই উদ্যোগে আমাদের দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা ভীষণ উপকৃত হলো। এই সাহায্য তাদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে অনুপ্রেরণা যোগাবে।”
এই কোম্পানি প্রতি বছরে প্রায় সমস্ত দেশজুড়ে ৪০০০ জন ছাত্র ছাত্রীদের প্রায় ১কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে বায়োজাইম প্রগতি স্কলারশিপ এর মাধ্যমে।
