বেকার বিরোধী দিবস’-পালনে নবদ্বীপে শহর জুড়ে মিছিল DYFI এর

Social

মলয় দে: বেকারত্বের জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে ‘বেকার বিরোধী দিবস’-এ নবদ্বীপে শক্তি প্রদর্শনে নামল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার, ২৮শে মার্চ শহর জুড়ে বিশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে যুব সমাজের ক্ষোভ ও দাবি তুলে ধরা হয়।
প্রতি বছরের মতো এ বছরও দিনটিকে ঘিরে সংগঠিত হয় প্রতিবাদ কর্মসূচি। তবে এবারের মিছিল রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ, কারণ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট প্রার্থী স্বর্ণেন্দু সিংহের সমর্থনেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডিওয়াইএফআই নদীয়া জেলা কমিটির সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি মিছিল থেকে সরব হয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে বেকারত্ব দেশের পাশাপাশি রাজ্যেও ভয়াবহ আকার ধারণ করেছে। তাঁর অভিযোগ, সরকারের নীতির ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, বরং বিদ্যমান কর্মক্ষেত্রও ক্রমশ সংকুচিত হচ্ছে। ফলে যুব সমাজ আজ গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি আরও জানান, নবদ্বীপের মতো ঐতিহ্যবাহী শহরে পর্যটন শিল্পকে ঘিরে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। সঠিক উদ্যোগ নিলে স্থানীয় ব্যবসার প্রসার ঘটিয়ে বহু তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি।

এদিনের মিছিলটি নবদ্বীপের এলানিয়া শিবতলা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বড়াল ঘাটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বেকারত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হন।
ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, আগামী দিনে এমন একটি সরকার দরকার, যারা যুব সমাজের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তাদের মতে, বামফ্রন্টই সেই বিকল্প শক্তি, যারা বাস্তবসম্মত কর্মসংস্থানের রূপরেখা দিতে সক্ষম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মিছিল শুধু বেকারত্ব ইস্যুতে প্রতিবাদ নয়, বরং নির্বাচনের আগে নবদ্বীপে বামেদের শক্তি ও সংগঠন ক্ষমতারও একটি স্পষ্ট বার্তা বহন করছে।

Leave a Reply