মলয় দে: বছরের শুরুতেই ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনে আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে পৌঁছান তিনি। সেখানে ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এদিন অনুষ্ঠান মঞ্চে উঠে উপস্থিত ভক্ত ও দর্শকদের উদ্দেশে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি দিয়ে নিজের বক্তব্য শুরু করেন অমিত শাহ। তাঁর এই সম্ভাষণে কার্যত মায়াপুরের ইসকন মন্দির চত্বরে ভক্তিগীতি ও করতালির জোয়ার বয়ে যায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আধ্যাত্মিক অবদান নিয়ে আলোকপাত করেন তিনি।
মায়াপুরে ইসকন মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এদিন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবেই তুলে ধরলেন তিনি। মন্দিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ কণ্ঠে শাহ বলেন, “আজ আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং মহাপ্রভুর একজন সাধারণ ভক্ত হিসেবে উপস্থিত হয়েছি।”
দীর্ঘদিন ধরেই মায়াপুরে আসার পরিকল্পনা থাকলেও তা বারবার পিছিয়ে গিয়েছিল বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সেই আক্ষেপ মিটেছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকবার মায়াপুরে আসার সুযোগ এলেও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আজ মহাপ্রভুর এই পুণ্যভূমিতে পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি।”
