মলয় দে: নদিয়া জেলার নবদ্বীপের এক সাধারণ অঙ্কন শিক্ষক আজ শিল্পকলার জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে শোলার শিল্পকলা নিয়ে নিরলস সাধনায় নিজেকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছেন শিব শংকর সাধুখাঁ। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক হলেও, তাঁর আসল পরিচয় লুকিয়ে আছে শোলার তৈরি অসাধারণ মডেল ও মূর্তির মধ্যে।
শিব শংকর সাধুখাঁর হাতের ছোঁয়ায় শোলার মতো সহজ উপকরণ হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। জগন্নাথ দেবের মূর্তি ও সাজসজ্জা থেকে শুরু করে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজের নিখুঁত মডেল—সবেতেই তাঁর দক্ষতা চোখে পড়ার মতো। প্রতিটি শিল্পকর্মে রয়েছে সূক্ষ্ম নকশা, পরিমিত রঙের ব্যবহার এবং দীর্ঘ অভিজ্ঞতার ছাপ। নবদ্বীপ ও নদীয়া জেলার গণ্ডি পেরিয়ে তাঁর শিল্প আজ রাজ্য ও দেশের নানা প্রান্তে সমাদৃত।
এই দীর্ঘ শিল্পযাত্রায় তিনি পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। সম্প্রতি তাঁর শিল্পকর্মের স্বীকৃতি আরও এক ধাপ এগিয়ে যায়, যখন তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলার লোকশিল্পের গৌরবও বটে।
বর্তমানে শিব শংকর সাধুখাঁ ছোট-বড় ও খুচরা-পাইকারি—সব ধরনের অর্ডার গ্রহণ করেন। তাঁর তৈরি শোলার মূর্তি ও মডেলের দাম শুরু হয় মাত্র ৫০ টাকা থেকে, যা গিয়ে পৌঁছায় ৫০ হাজার টাকা পর্যন্ত। শিল্পপ্রেমীদের কাছে তিনি আজ এক নির্ভরযোগ্য নাম, আর তাঁর সৃষ্টি বাংলার ঐতিহ্যবাহী শোলাশিল্পকে নতুন পরিচিতি দিচ্ছে।
