সোশ্যাল বার্তা: নদীয়া জেলায় ভ্রাম্যমাণ চিকিৎসা যান চালু হলো নবদ্বীপ বিধানসভা এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে উত্তরকন্যা থেকে সারা রাজ্যে মোট ১১০টি ভ্রাম্যমাণ অ্যাম্বুল্যান্স ও ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। প্রত্যন্ত গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় সাধারণ মানুষ এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য ৩৫ ধরনের চিকিৎসা পরিষেবা থাকবে এই স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা ( এম এম ইউ) যানে। থাকবেন চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরাও।
রাজ্যের প্রত্যেকটি জেলার জন্য দেওয়া হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা যান । বিশেষ সূত্র থেকে জানা যায় নদীয়া জেলা দশটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পাচ্ছে। ইতিমধ্যেই পাঁচটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র জেলায় পৌঁছে গেছে। এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র একদম প্রান্তিক অঞ্চল বা গ্রামে গিয়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা দেবে।
বৃহস্পতিবার নদীয়ার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ হাসপাতালের অন্তর্গত মাজদিয়া সুস্বাস্থ্য কেন্দ্রে জেলা শাসক অনিশ দাশগুপ্ত, নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা’র উপস্থিতিতে এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তৎসহ জেলা সহকারী আধিকারিক বৃন্দের উপস্থিতিতে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ সূচনা হয়।

উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রান্তিক অঞ্চলের বৃদ্ধ-বৃদ্ধা ছোট শিশু ও মায়েরা। ভ্রাম্যমান কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সহযোগিতায় শুরু হয় রোগী স্ক্রীনিং পর্ব।
এই পরিষেবার বড় সুযোগ হল একই জায়গায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মধ্যে থাকা ল্যাবরেটরি পরিষেবার পূর্ণ সুযোগ রয়েছে যেখানে রোগীর রক্ত পরীক্ষা থেকে শুরু করে ইসিজি,কফ পরীক্ষার সহ নানা রোগ নির্ণয়ের পরিষেবা রয়েছে যা সম্পূর্ণ বিনামূল্যে।
সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই পরিষেবা জেলার প্রত্যন্ত অঞ্চলে যেখান থেকে সাধারণ মানুষ তাদের নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে পারেন না সেখানে পৌঁছে যাবে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।
বিধায়ক পুন্ডরীকাক্ষ মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানান এই পরিষেবা সাধারণ মানুষের দরজায় পৌঁছে দেবার জন্য।
