নিউজ সোশ্যাল বার্তা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গোৎসবের আবহে এক চমকপ্রদ সৃষ্টি নজর কেড়েছে নদীয়ার কৃষ্ণনগরের ১৪ বছরের নবম শ্রেণীর ছাত্র সংলাপ নাথ। মাটি ছাড়া সামান্য জিনিসপত্র দিয়ে গড়ে তুলেছে অসাধারণ দুর্গা প্রতিমা।
সংলাপ নদীয়ার কৃষ্ণনগরের রাজা রোডের আবাসনে থাকে। স্থানীয় কৃষ্ণনগর একাডেমীর নবম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই আঁকা-গড়ার নেশা তার ভেতর প্রবল। কাগজ, কাপড়, রঙ , পিচবোর্ড দিয়ে ২০-২৫ দিনের চেষ্টায় তৈরি করেছে এই প্রতিমা। প্রতিমার ব্যাকগ্রাউন্ডে যুক্ত বিশেষ আলোর সাজ আরও আকর্ষণীয় করে তুলেছে।
এই প্রসঙ্গে সংলাপের মা তনুশ্রী নাথ জানান, ওর শখের কাজ হলো ড্রয়িং এবং হ্যান্ড ক্রাফট। অনেক রাত্রি পর্যন্ত জেগে কাজ করে। নতুন কিছু তৈরি করার ভাবনা ওর মধ্যে সব সময় কাজ করে।
এই প্রতিমাটি কোথাও পূজিত হবে না, বাড়িতেই থাকবে।
সংলাপের বাবা বিভাস কুমার নাথ বলেন, ছোটো বেলা থেকেই ছবি আঁকে। ৫ বছর ধরে এক একাই বাড়িতে দুর্গা প্রতিমা বানাচ্ছে। ওর কাজে আমরা উৎসাহ দেই। কারোর সহযোগিতা না নিয়ে এই কাজটি করেছে যা ওর আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ।
