মলয় দে, নদীয়াঃ মহাপঞ্চমীর সন্ধ্যায় শান্তিপুর বন্ধুসভা হলে প্রকাশিত হলো শান্তিপুর তথা নদীয়া জেলার প্রথম সারির সংবাদপত্র নদীয়ার পরশমণি পত্রিকার শারদ-সাহিত্য-অর্ঘ্য ‘শিউলি’৷ ‘শিউলির’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবাদী চেতনা পত্রিকার প্রধান সম্পাদক বিপ্লব দাশগুপ্ত, প্রাক্তন প্রধান শিক্ষক রথীন্দ্রনাথ চক্রবর্তী, শান্তিপুর লায়ন্স ক্লাবের সভাপতি দেশবন্ধু বিশ্বাস, অধ্যাপক ড. সোমনাথ কর, অধ্যাপক ড. দিনবন্ধু বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা সম্পা বসু, প্রাক্তন সাংবাদিক উদয়ণ মুখোপাধ্যায়, সমাজকর্মী বিশ্বজিৎ রায় সহ বহু বিশিষ্টজন৷ এদিনের উদ্ধোধনী অনুষ্ঠান শুরু হয় স্বামীজীর স্বদেশমন্ত্র পাঠের মধ্য দিয়ে৷ এরপর বিপ্লবী ঋষি শ্রীঅরবিন্দ রচিত দূর্গাস্তোত্র, সপ্তসুর মিউজিক কলেজের সঙ্গীতানুষ্ঠান, প্রিয়াঙ্কা ড্যান্স একাডেমীর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়৷ নদীয়ার পরশমণি পত্রিকার শারদ সংখ্যা ‘শিউলির’ সম্পাদক সঞ্জিত কাষ্ঠ জানান যে, নদীয়ার পরশমণি মূলতঃ সংবাদপত্র হওয়ায় সেঅর্থে সাহিত্যচর্চার খুব একটা সুযোগ থাকেনা৷ তাই বছরের এই সময় পূজো সংখ্যার মধ্য দিয়ে তারা শান্তিপুর, নদীয়া জেলা সহ বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য অনুরাগীদের সাহিত্য চর্চার সুযোগ করে দেন৷ এবারও বিভিন্ন প্রান্তের মানুষের লেখায় সমৃদ্ধ হয়েছে ‘শিউলি’৷ ভবিষ্যতে শিউলাকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেও আশাবাদী সঞ্জিতবাবু৷
