মলয় দে: বুধবার শান্তিপুর পাবলিক স্কুলের উদ্যোগে শান্তিপুর থানায় পালিত হল পুলিশ দিবস। এদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নেতৃত্বে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা থানায় এসে এক বিশেষ অভিজ্ঞতা লাভ করে। পুলিশের কাজকর্ম ও দায়িত্ব সম্পর্কে তাদের সরাসরি ধারণা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন স্কুলে পরীক্ষা চলছিল। তাই ওইদিন থানায় আসা সম্ভব হয়নি। কিন্তু শিশুদের পুলিশ দিবস উপলক্ষে সচেতন করে তোলার জন্য ছুটির দিনে বিশেষ এই ভিজিটের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। শুধু তাই নয়, তাদের সঙ্গে গল্প করেন, নানা শিক্ষণীয় আলোচনা করেন এবং পুলিশের কর্তব্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সহজভাবে শিশুদের বোঝান। তাঁর আন্তরিক ব্যবহারে খুশি হয় শিশুরাও।
এদিন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালী সহ থানার একাধিক আধিকারিক উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা শিশুদের থানার কাজকর্ম ঘুরিয়ে দেখান এবং পুলিশ বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সমাজসেবার দিকগুলো তুলে ধরেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, এই ধরনের কর্মসূচি শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দেবে এবং সমাজসেবার প্রতি উৎসাহিত করবে। পুলিশ-প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা গড়ে তুলতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা নেবে বলে তারা আশা প্রকাশ করেন ।
