মলয় দে: স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর উদ্যোগে স্মরনীয় দিবস অত্যন্ত শ্রদ্ধা ও মানবিক চেতনার সঙ্গে পালিত হলো।
অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজ প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজের সম্মানীয় অধ্যক্ষ ড. অশোক কুমার দাস মহাশয়। এই শ্রদ্ধার্ঘ নিবেদন পর্বে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী, এন.এস.এস.-এর সদস্য ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে স্বামীজীর আদর্শ ও শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ পর্বে কলেজের পক্ষ থেকে অ্যাডাপ্টেড ভিলেজ হিসেবে চিহ্নিত নিকটবর্তী ইটভাটায় প্রায় ৮০ জন দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মদিন ১২ই জানুয়ারি উপলক্ষে আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে স্বামীজীর মহান আদর্শ—“দরিদ্র নারায়ণের সেবাই ঈশ্বরসেবা”—বাস্তবে রূপ পেয়েছে। এই সেবামূলক কর্মসূচি ছাত্রসমাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

এই মহতী উদ্যোগ সফল করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মানীয় অধ্যক্ষ ড. অশোক কুমার দাস মহাশয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস মহাশয় বলেন—
“স্বামী বিবেকানন্দ শুধু একজন মহান সন্ন্যাসী নন, তিনি মানবসেবার এক জীবন্ত আদর্শ। তাঁর জন্মদিনে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই হলো তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। এন.এস.এস.-এর এই উদ্যোগ ছাত্রদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
