মলয় দে,নদীয়া: যক্ষা রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য নিয়মিত ওষুধের পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাদ্যের বিশেষ প্রয়োজন। কিন্তু আর্থিক সমস্যার কারণে অনেক সময় সেই খাবার জোগাড় করা রোগীদের পক্ষে সম্ভব হয় না। সেই বাস্তবতাকে সামনে রেখে শান্তিপুর ব্লকের যক্ষা রোগীদের পাশে দাঁড়ালেন ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরাই।
শান্তিপুর ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ব্লকে মোট ১৫৫ জন যক্ষা রোগী রয়েছেন, যাঁরা শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দরের অধীনে চিকিৎসাধীন। নিয়মিত ওষুধের পাশাপাশি তাঁদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন মেটাতে এবার স্বাস্থ্য কর্মীরা নিজেদের উদ্যোগে এবং নিজেদের অর্থে সহায়তার হাত বাড়িয়ে দিলেন।
বুধবার ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ১৫৫ জন যক্ষা রোগীর হাতে সুষম ও পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এর আগে ব্লকের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে এক বা দু’জন রোগীর দায়িত্ব নিয়েছিলেন। তবে এই প্রথম ব্লকের সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা একযোগে ব্লকের সব যক্ষা রোগীর দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন।
স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের আশা, এই ধরনের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যক্ষার মতো রোগ নির্মূলের পথে আরও এক ধাপ এগোনো সম্ভব হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত কুমার দাস, শান্তিপুরের বিএমওএইচ পূজা মৈত্র সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
