হাতে আঁকা প্রদীপের সেট ! ঐতিহ্যের মাটির প্রদীপে আধুনিকতা

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুরের গৃহবধূ ইতি সাধুখা মণ্ডল আলোর উৎসব দীপাবলিতে এনেছেন এক অভিনব রূপ। সাবেকি মাটির প্রদীপের পাশাপাশি এখন হাল ফ্যাশনের সুগন্ধি ও ডিজাইনিং মোমবাতির জগতে নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। শান্তিপুরের “ক্যান্ডেল হাট” নামের তাঁর উদ্যোগে তৈরি হচ্ছে নানা নকশা ও গন্ধযুক্ত আধুনিক মোমবাতি, যা স্থানীয় বাজার ছাড়িয়ে এখন পৌঁছে গেছে বিভিন্ন জেলায়। তাঁর তৈরি মোমবাতির মধ্যে অন্যতম আকর্ষণ— লাড্ডু গ্লাস মোমবাতি, লাড্ডু মোমবাতি, ও জলে ভাসমান ফ্যাশন ক্যান্ডেল। শুধু তাই নয়, এখানে পাওয়া যায় ১৪ প্রদীপের হাতে আঁকা প্রদীপের সেট, যা দীপাবলিতে ঘরের শোভা দ্বিগুণ করে দেয়।

শুধু দীপাবলি নয়, সারা বছর জুড়েই “ক্যান্ডেল হাট”-এ তৈরি হয় বিভিন্ন থিমের মোমবাতি ও উপহারসামগ্রী। যেমন জামাইষষ্ঠীতে “জামাইষষ্ঠী থালি” কিংবা পুজো উপলক্ষে বিশেষ সুগন্ধি ধূপকাঠি সেট। প্রতিটি সামগ্রীর মধ্যেই ফুটে ওঠে রঙতুলির নিপুণ কারুকাজ ও হাতে আঁকা অঙ্কনচিত্র। সম্প্রতি দীপাবলিকে সামনে রেখে ইতি নতুন সংযোজন করেছেন ‘মোম প্রদীপ’— যা দেখতে ঐতিহ্যবাহী প্রদীপের মতো হলেও এর ভেতরে থাকে মোম, ফলে তা দীর্ঘক্ষণ জ্বলে।

ইতি রানাঘাট কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে তিন বছর সেলস ডিপার্টমেন্টে চাকরি করেছেন। এরপর নিজের উদ্যোগে শুরু করেন মোমবাতির ব্যবসা। পাশাপাশি তিনি প্রাইভেট টিউশনও দেন। এখন তাঁর এই উদ্যোগ তাঁকে শুধু স্বাবলম্বীই করেনি, বরং পরিবারের বাপের বাড়ি এবং শশুর বাড়ি দুই পরিবারে অন্যদেরও অনুপ্রেরণা জুগিয়েছে। বিয়ে হয়েছে মাত্র সাত মাস আগে। স্বামী বিক্রম মণ্ডল কৃষিকাজের পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। ইতির কথায়, শ্বশুরবাড়ির সকলে তাঁকে যথেষ্ট সমর্থন ও উৎসাহ দেন।

বর্তমানে দীপাবলিকে ঘিরে হাজার হাজার পিস মোমবাতির অর্ডার এসেছে তাঁর কাছে। দেশ-বিদেশে পাঠানোর জন্য চলছে ব্যস্ত প্রস্তুতি। স্থানীয় অর্ডার থাকলে তিনি নিজেই সরবরাহ করে দেন। পাইকারি ও খুচরো— দুইভাবেই বিক্রি হয় তাঁর পণ্য। কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাও রয়েছে।

ইতির মতে, “একাগ্রতা ও পরিশ্রম থাকলে এই ব্যবসা থেকে ভালো মুনাফা করা সম্ভব। এতে একটি পরিবার অনায়াসে সচ্ছলভাবে চলতে পারে।” আধুনিক টুনি বাল্বের যুগেও তাঁর হাতে আঁকা রঙিন প্রদীপ আবার ফিরিয়ে আনছে উৎসবের ঐতিহ্য ও আলোর উজ্জ্বলতা।

দীপাবলিতে এবার শান্তিপুরের বাতাসে শুধু আলো নয়, মিশে আছে সুগন্ধি মোমবাতির মিষ্টি গন্ধ— ইতি সাধুখা মণ্ডলের স্বপ্নপূরণের সুরভি।

Leave a Reply