মলয় দে: সম্প্রতি বহরমপুরে ঘটে যাওয়া স্কুল গাড়ির মর্মান্তিক দুর্ঘটনার রেশ ধরে এবার নদিয়া জেলার শান্তিপুর থানার পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হলো। স্কুল পড়ুয়াদের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ করতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল গাড়ির চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভার আয়োজন করে পুলিশ প্রশাসন। বহরমপুরের ঘটনার পর পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে এই সভার আয়োজন করেছে। সভায় চালক এবং স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও সচেতনতার পাঠ দেওয়া হয়। স্কুল গাড়িগুলোর যান্ত্রিক অবস্থা সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা এবং কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। শিশুদের নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে স্কুলে নিয়ে আসা এবং স্কুল শেষে নিরাপদে যথাসময়ে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। স্কুল গাড়ির চালকদের আচরণ ও ব্যবহারের দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ নিরাপদ বোধ করে। অনেক স্কুলের নিজস্ব কোনো গাড়ি থাকে না। সেক্ষেত্রে অভিভাবকরা নিজেদের দায়িত্বে টোটো বা অন্যান্য খোলা গাড়ির মাধ্যমে বাচ্চাদের স্কুলে পাঠান। টোটো যেহেতু অপেক্ষাকৃত কম নিরাপদ ও দুর্ঘটনাপ্রবণ, তাই চালকদের গতিসীমা বজায় রেখে অত্যন্ত সাবধানে ড্রাইভ করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বাচ্চাদের সুরক্ষার জন্য টোটোর দু’পাশে নেট বা রেলিং লাগানোর মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এই সমন্বয় সভার মাধ্যমে পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, স্কুল পড়ুয়াদের নিরাপত্তা রক্ষায় কোনো রকম আপস করা হবে না। ভবিষ্যতে প্রতিটি স্কুল গাড়ি এই নিয়মগুলো মেনে চলছে কিনা, সেদিকেও কড়া নজরদারি রাখবে শান্তিপুর থানার পুলিশ।
