নিউজ সোশ্যাল বার্তা: ধুবুলিয়া (নদীয়া): বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে দিতে এক অনন্য নজির সৃষ্টি করল নদীয়ার ধুবুলিয়ার যুবসমাজ। জাতীয় সড়কের পাশে অবস্থিত ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জমে থাকা দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল স্থানীয় ‘হিন্দু একতা গ্রুপ’-এর সদস্যরা। এদের মধ্যে অধিকাংশই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের পাশেই অবস্থিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টির সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে উঠছিল। পথ চলতি মানুষ এখানে নোংরা ফেলে দিয়ে যাচ্ছিল। শিক্ষার মন্দিরের পাশে এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। অবশেষে এই সমস্যার সমাধানে এগিয়ে আসে স্থানীয় যুবকেরা। শুধু হাত লাগিয়ে কাজ করাই নয়, আবর্জনার স্তূপ দ্রুত সরাতে রীতিমতো জেসিবি (JCB) নামানো হয় পরিচ্ছন্নতার কাজে।

যুবকদের এই মহতী কাজ দেখে এগিয়ে আসেন বিদ্যালয়ের আরও অনেক প্রাক্তনী। প্রাক্তন ছাত্রদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে এই কাজে হাত মেলান বিদ্যালয়ের শিক্ষকেরা। সহযোগিতার হাত বাড়ান ধুবুলিয়া থানার ওসি ট্রাফিক সহ অন্যান্যরা এগিয়ে আসেন। শিক্ষক, প্রাক্তনী ও স্থানীয় যুবকদের এই যৌথ প্রয়াসে মুহূর্তের মধ্যে বদলে যায় বিদ্যালয়ের চারপাশের চেনা ছবি। আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ওই এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য সেখানে বিভিন্ন ধরনের চারাগাছ রোপণ করা হয়।
এলাকার বাসিন্দারা যুবকদের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন।
স্থানীয় এক বাসিন্দার মতে, “বিদ্যালয় হলো আগামী দিনের সুনাগরিক গড়ে তোলার জায়গা। সেই শিক্ষাঙ্গন পরিষ্কার রাখা আমাদের সকলের কর্তব্য। যুবকেরা আজ যে কাজ করল, তা সত্যিই প্রশংসনীয়।”
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় এর পাশে পরিচালিত এই অভিযান শুধুমাত্র একটি সাধারণ পরিচ্ছন্নতা কর্মসূচি নয়, বরং এর মাধ্যমে সমাজের প্রতি যুবসমাজের দায়িত্ববোধ ও সচেতনতার এক উজ্জ্বল বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। যুবকদের এই উদ্যোগ প্রমাণ করে দিল যে, সদিচ্ছা ও সামাজিক দায়বদ্ধতা থাকলে যুবসমাজ শুধু পরিবর্তনের স্বপ্নই দেখে না, তা বাস্তবেও রূপায়ণ করে দেখাতে পারে। এই কাজ আগামী দিনে সমাজের অন্যান্য স্তরের মানুষের কাছেও এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
